৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৬তম সাক্ষীর জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ জেরা গ্রহন করা হয়।
এসময় প্রসিকিউশনের সাক্ষী আব্দুল মতিনকে জেরা করেন কায়সারের আইনজীবী এস এম শাহজাহান কবির। অপরদিকে ট্রাইব্যুনালে  উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও ব্যারিস্টার তুরিন আফরোজ।
উল্লেখ্য,গত বছরের ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা,গণহত্যা,নির্যাতন,অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে ১৬টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
গত বছরের ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
এরপর ২১ মে কায়সারকে রাজধানী অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়ে দেয়। গত ৩০ জুলাই কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
[b]ঢাকা, কেএ ২৬  মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]