বাইরে থেকে দেখা যাচ্ছে দুধ ও মুরগির খামার। ভেতরে এর পাশাপাশি তৈরি হচ্ছিল মদ, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য।

এ রকম একটি মাদকের কারখানার সন্ধান পেয়েছেন র‌্যাব-১১ কুমিল্লার সদস্যরা।

গত সোমবার রাত আনুমানিক দুইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়াসংলগ্ন বুড়নকরা গ্রামের ফরায়েজী ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামারের স্থাপনায় অভিযান চালিয়ে মাদক তৈরির বিভিন্ন উপকরণ, বোতলসহ ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব।

এ সময় মাদক তৈরির বিভিন্ন উপকরণ, বোতলসহ ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়রা সবাই দুধ ও মুরগির খামার হিসেবেই জানতেন। কিন্তু খামারের ভেতরে মদ, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য তৈরি হতো।

র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি কুমিল্লার ভারপ্রাপ্ত অধিনায়ক শেখ বিল্লাল হোসেন বলেন, ফরায়েজী ডেইরি অ্যান্ড পোলট্রি খামারের অফিসের একটি কক্ষে অভিযান চালিয়ে চিনির সিরাপ, ফ্লেভার, ঘন চিনি, রঙ, স্পিরিট, খালি ফেনসিডিলের বোতল, বোতলে কর্ক ও লেভেল এবং মাদক তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ সময় শামীম আহমেদ প্রকাশ অশ্রু নামের একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে র‌্যাব।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে র‌্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক শেখ বিল্লাল হোসেন বলেন, দুধ ও পোলট্রি ব্যবসার আড়ালে শামীম মাদক তৈরি করতেন। গোপনে দেশের বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ করতেন।

এএস