আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে যাতে এই ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে এজন্য সরকার সচেষ্ট রয়েছে।
আজ (১৩ নভেম্বর) বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আইনমন্ত্রী এই কথা বলেন।
আনিসুল হক বলেন, “এ মামলা আদালতে পরিচালনার জন্য আমাদের প্রসিকিউশন টিম আগেই গঠন করা হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে আমরা এটা করেছি। আজ তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দিয়েছেন। আগামী সোমবার প্রসিকিউশন টিম কাজ শুরু করবে। মামলার বিচার শুরু করার আগে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।”
আইনমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার ব্যবস্থা করতে একটি আবেদন দেবে আমাদের কাছে। ওই আবেদন অনুযায়ী আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে পাঠাব।”
তিনি আরও বলেন, “ট্রাইব্যুনাল ৯০ দিনে এ মামলার বিচারকাজ সম্পন্ন করবেন। এ সময়েও নিষ্পত্তি না হলে ট্রাইব্যুনাল আরো ৩০ দিন নিতে পারবেন। এতেও নিষ্পত্তি করতে না পারলে যৌক্তিক কারণ দেখিয়ে আরো ১৫ দিন সময় নিতে পারবেন। মোট ১৩৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে এ মামলা নিষ্পত্তি করতে হবে।”
এমবি





