কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার এক কিশোরীর পক্ষে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুল হালিম মঙ্গলবার কমিশনকে সরাসরি এই আইনি ‍নোটিশ পৌঁছান।

একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদনে ব্যক্তি বিশেষে হত্যা,ধর্ষণ ও এসিড নিক্ষেপ মানবাধিকার লঙ্ঘনের অন্তর্ভুক্ত নয় উল্লেখ করে ওই প্রতিবেদন সংশোধনের জন্য বলা হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে ধর্ষণের শিকার ওই কিশোরীর ‍পক্ষে আইনি ব্যবস্থা ও কমিশনের বাষিক প্রতিবেদন ২০১১ সংশোধন না করলে আদালতে রিট দায়ের করা হবে বলে জানান আইনজীবী।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়,ধর্ষণের শিকার ওই কিশোরীর পক্ষে ব্যবস্থা গ্রহণ না করে মানবাধিকার কমিশনের তিনটি ধারা ও সংবিধানের ৩২ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।

উল্লেখ্য,গত বছর কুমিল্লার চৌদ্দগ্রামের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে কবীর নামে এক যুবক। এ ঘটনায় গত বছরের ৩১ আগস্ট মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে ধর্ষিতাকে বিয়ে করার শর্তে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন ট্র্রাইব্যুনাল অভিযুক্তকে জামিন দেয়। কমিশনকে পাঠানো নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই কিশোরী বা তার মায়ের কোনো সম্মতি ছাড়াই বিয়ে করার শর্তে আসামিকে জামিন দেয়ার মাধ্যমে মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।

ঢাকা. কেএ, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ