মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২১ তম সাক্ষী শহিদউল্লাহ শহীদের(৬৪) জবানবন্দি গ্রহণ শুরু হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে সাক্ষীর জবানবন্দি গ্রহণ শুরু হয়।
জবানবন্দি গ্রহণে সাক্ষীকে সাহায্য করেন প্রসিকউটর সুলতান মাহমুদ সীমন।
সুবহানের পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও অ্যাডভোকেট শাহজাহান উপস্থিত আছেন।
প্রসঙ্গত, গত বছরের১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।এর আগে ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগে জামায়াতের এ নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধের কথা উল্লেখ রয়েছে।
গত বছরের ১৫ এপ্রিল থেকে সুবহানের বিরুদ্ধে তদন্ত শুরু করে গত ১২ সেপ্টেম্বর তদন্ত কাজ সম্পন্ন করেন তদন্ত সংস্থা। তদন্তের স্বার্থে গত বছরের ১ সেপ্টেম্বর সেফহোমে নিয়ে সুবহানকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত সংস্থা।৯টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে সুবহানের বিরুদ্ধে।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা, কেএ, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





