চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হরতালে ককটেল বিস্ফোরণে স্কুলছাত্রী অন্তু বড়ুয়া আহতের ঘটনায় ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. কামারুজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র তিনটি জমা দেন।

আদালত পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ও ৩২৪ ধারায় এসব অভিযোগপত্র দেয়া হয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি মশরুর হোসাইন এবং বর্তমান সভাপতি নুরুর আমিনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
গত বছর ১৮ মার্চ সকালে হরতাল চলাকালে বন্দরনগরীর মোমিন রোডের হেম সেন লেইনের মুখে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এতে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অন্তু বড়ুয়া ডান চোখের পাশে গুরুতর আঘাত পায়।

ওই রাস্তা দিয়েই মায়ের সাথে কোচিং সেন্টারে যাচ্ছিল ১৪ বছর বয়সী অন্তু।

এ ঘটনায় পুলিশ পরদিন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় মামলা করে। ছাত্রশিবির নেতা মশরুরসহ আটজনের নাম উল্লেখ করে মোট ৩৮ জনকে আসামি করা হয় মামলার এজাহারে।

পুলিশ বলছে, মশরুর হোসাইন মামলার সময় থেকেই পলাতক। আর নুরুল আমিন কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই