গত মঙ্গলবার গভীর রাতে যাত্রাবাড়ির মাতুয়াইলের কাঠেরপুল এলাকার র‌্যারের সাথে বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যাক্তির পরিচয় জানা গেছে। একজনের নাম মুজাহিদুল ইসলাম জিহাদ (৩৩)। অপরজনের নাম সাখাওয়াত হোসেন রাহাত (১৯)।

বৃহস্পতিবার দুপুরে নিহতের স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করেন।

নিহত জিহাদের পিতার নাম আবুল খায়ের ভুইয়া। গ্রাম লক্ষিপুরের মির্জাপুর ভুইয়া বাড়ি।

জিহাদের লাশ সনাক্তকারি ছোট ভাই জাহিদুল ইসলাম সোহাগ জানায়, গত দুই বছর আগে জিহাদ সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে কিছুদিন থাকার পর তিনি দেশে ফেরত আসেন। এরপর থেকে ঢাকার কাওরান বাজারে কাঁচামালের ব্যাবসা করতেন। ১১ দিন পুর্বে তার সাথে শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে কাফরুল থানায় একটি জিডি করা হয়। পরবর্তীতে আজ সকালে নয়া দিগন্তে পত্রিকায় ছবি দেখে মর্গে এসে লাশ সনাক্ত করেন।

নিহত রাহাতের পিতার নাম আলমগীর। গ্রামের বাড়ি লক্ষীপুরের রায়পুর। রাহাতের খালাতো ভাই রিপন ভুইয়া জানান, গত তিন বছর ধরে রাহাত ফার্মগেটে উত্তরা মটরস নামে একটি দোকানে সেলস ম্যানের কাজ করতেন। গত ২১ জানুয়ারি দুপুরে উত্তরা মটরসের পাশে সুগন্ধা হোটেলের সামনে থেকে কালো গ্লাসের একটি সাদা মাইক্রোবাসে করে কিছু লোক রাহাতকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় ২২ জানুয়ারি তেজগাঁও থানায় একটি জিডি এবং ২৭ জানুয়ারি একটি অপহরণ মামলা করা হয়। পরবর্তীতে আজ সকালে নয়া দিগন্ত পত্রিকায় ছবি দেখে মর্গে এসে লাশ সনাক্ত করেন।
ইআর