ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরও দু’টি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকায় তার বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হলো।
বৃহস্পতিবার সকালে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। একই আদালতে একই ধারায় অন্য মামলাটির বাদী নাজিমউদ্দিন বাদল।
বেলা এগারোটা নাগাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে এবি সিদ্দিকীর দায়ের করা মামলা এবং ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে নাজিমউদ্দিন বাদলের দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার দায়ের হওয়া দুই মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আগামী ২৮ ও ৩০ অক্টোবর মামলা দু’টিতে পৃথক পৃথকভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে।
ঢাকার সিএমএম আদালতে দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ (২) ধারায় পৃথকভাবে মামলা দু’টি দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেএমএম আবেদ রাজা ও আলহাজ মো. বাদল।
বাদীদের বক্তব্য শুনে দু’টি মামলাই আমলে নেন আদালত।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত কেএমএম আবেদ রাজার দায়ের করা মামলাটির শুনানি শেষে আগামী ২৮ অক্টোবর লতিফ সিদ্দিকীকে হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে অনুষ্ঠিত হয় আলহাজ মো. বাদলের দায়ের করা মামলাটির শুনানি। এ মামলায় তাকে হাজির হতে হবে আগামী ৩০ অক্টোবর।
এএইচ





