ধর্মীয় উস্কানি ও বিরোধ সৃষ্টির লক্ষ্যে বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালত মঙ্গলবার বিকালে মামলাটি তদন্তের জন্য শাহবাগ থানাকে নির্দেশ দেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শাহবাগ থানার একজন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাকে তদন্ত করে ১৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেছেন।

এর আগে, ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে বক্তব্য দেয়ার অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে সকালে মামলাটি করেন। মামলায় চারজনকে সাক্ষী করা হয়েছে।

মামলার এজহার থেকে জানা যায়, খালেদা জিয়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গত ১৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে নানা কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।’

জেএ