বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে বলেছেন, বিএনপির সফল হরতাল ও গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করতে সরকারের মদদপুষ্ট সোনার ছেলেদের দিয়ে পেট্রলবোমা হামলা করিয়েছে আওয়ামী লীগ।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘পেট্রলবোমা সন্ত্রাস, নেপথ্যে আওয়ামী লীগ’ শিরোনামের নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাহবুব এ অভিযোগ করেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপির সফল হরতাল ও গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করতে সরকারের মদদপুষ্ট সোনার ছেলেদের দিয়ে পেট্রলবোমা হামলা করা হয়েছে। অথচ সরকার প্রচার করেছে পেট্রলবোমা হামলা করেছে বিএনপি।

প্রকাশিত বইয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বোমা হামলার সচিত্র প্রতিবেদন দেখিয়েছেন খন্দকার মাহবুব। বইয়ে বিভিন্ন পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

এ সব প্রতিবেদনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পেট্রলবোমা হামলাকারী হিসেবে তুলে ধরা হয়েছে। ১ জুলাই বইটি প্রকাশ করে মানবাধিকার সেল-বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও বিএনপি নেতা আবেদ রাজা।

এমএইচ