মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আব্দুল আলীম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।
এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানান, এক মাস আগে থেকেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিয়ে তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূঁইয়া জানান, বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে রায়ের পর থেকে আব্দুল আলীমকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে। তিনি বিভিন্ন সময় অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনি নতুন করে অসুস্থ হননি।
স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা আলীম ১৯৭১ সালে জয়পুরহাটে রাজাকার বাহিনীতে সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ৯ অক্টোবর আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ আনা হয়েছিল। যার মধ্যে ৯টিতে তার সংশ্লিষ্টতার প্রমাণ পান আদালত।
ঢাকা,কেএ,২৭ আগষ্ট,টাইমনিউজবিডি.কম, টিআই





