গ্রেফতারের পর দুদক কার্যালয়ে আনা শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. সোলায়মান প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান একে আজাদের ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতারের পর আড়াইটার দিকে তাকে দুদক কার্যালয়ে নেওয়া হয়।

এসময় তিনি অপেক্ষমান সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, শাহজালাল ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান একে আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা কররে আমাকে অপমান ও অপসারণের অপচেষ্টা করছেন। তার কারণেই শক্তিশালী আর্থিক ভিত্তির ব্যাংকটি ক্রমেই দুর্বলতার দিকে যাচ্ছে।

তিনি বলেন, ভুয়া সার্টিফিকেটধারী একে আজাদের বোন ও কয়েকজন পরিচালকের আত্মীয়ের তথ্য বের করা এবং বোর্ডে ভুয়া বিলের বিরোধিতা করায় আমাকে এ অবস্থায় পড়তে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, একে আজাদের চ্যানেল টোয়েন্টিফোর ও সমকাল পত্রিকায় ব্যাংকের বিজ্ঞাপন দেওয়ার বিরোধিতা করেছিলাম আমি। এ কারণেই আজাদ আমার উপর অনেক আগে থেকেই ক্ষেপে আছেন।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস