জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশিবাজারের বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান তিনি।

এর আগে সকাল দশটার দিকে তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।

বিএনপির চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় খালেদা জিয়াকে আজ আদালতে হাজির হওয়ার জন্য ১৯ মে আদেশ দেন অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

ওই দিন (১৯ মে) খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। অসুস্থতার কারণ দেখিয়ে ওই দিন মামলার কার্যক্রম পেছাতে সময়ের আবেদন করেছিলেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে ২ জুন আদালতে হাজির হতে বলা হয়। খালেদা জিয়া আজ আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছিলেন আদালত।এ মামলায় তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। অন্য আসামিরা হলেন তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এমই