রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর গুলিতে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাজেদুল ইসলাম (২৪) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে রামপুরার বৌবাজারে সাজেদুল হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
সাজেদুল নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম বর্ষের ছাত্র। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, খিলগাঁও থেকে হেঁটে বৌবাজারে নিজের বাসায় ফিরছিলেন সাজেদুল। রাত সাড়ে ৯টার দিকে বাসার কাছাকাছি পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং তারা তার কাছে থাকা ২ হাজার টাকা নিতে পারলেও মোবাইলটি নিতে পারেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাজেদুলের ডান পায়ে গুলি করে পালিয়ে যায় বলে মোজাম্মেল হক জানান।
এসটি





