ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে থাকা গুলিবিদ্ধ যুবকের মৃত্যু রহস্য নিয়ে অবশেষে মুখ খুলেছে পুলিশ। তাদের দাবি, অভিযান চলাকালে সহযোগীদের গুলিতে নিহত হন ওই যুবক।
সোমবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইউসুফ আলী সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
তিনি বলেন, রবিনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এরপর তাকে নিয়ে রোববার রাতে অভিযানে নেমেছিল পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘রবিন জিজ্ঞাসাবাদে জানায়, তার একটি গ্রুপ হাতিরঝিল মহানগর ব্রীজের পূর্ব-উত্তর কোণে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন তাকে নিয়ে থানা পুলিশের একটি দল সেখানে গেলে তারা (সহযোগী) পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এই গুলিতেই রবিন গুলিবিদ্ধ হয়।’
গুলিবিদ্ধ রবিনকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ইউসুফ আলী বলেন, নিহত যুবকের পুরো নাম আল আমীন ওরফে রবিন ওরফে মজিদ ওরফে আকাশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।
এরআগে সোমবার ভোররাতে ঢামেক মর্গে লাশটি নিয়ে যান তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল হক।
এসআই মাজেদুল লাশটি আনার পর ‘সড়ক’ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে হাসপাতালের নথিতে লেখা হয়। পরে তা কেটে ‘বুলেট ইনজুরি’ লেখা হয়।
এমবি





