সাভারে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানীর ৫ ভুয়া সদস্যকে আটক করেছে র‌্যাব- ৪। শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মিরপুরের পাইকপাড়ায় র‌্যাব-৪ কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলন জানানো হয়, যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে কোম্পানীটির ম্যানেজার শফিকুল ইসলাম ওরফে হাফিজ (৪২) হলেন ওই চক্রের মূল হোতা।

আটক অন্যদের মধ্যে রয়েছেন, মো. বাবুল হোসেন (৪১), মো. মাসুম মুন্সী (৩২), মনির হোসেন জামান (৫০) ও তসিকুল ইসলাম (৩৯)।

সংবাদ সম্মেলনে র‌্যাব- ৪ এর পরিচালক এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান জানান, অভিযুক্তরা ৫০ হাজার টাকা ঋণ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৫ হাজার টাকা জমা নিত। এ ছাড়াও এক লাখ টাকার জন্য ১০ হাজার টাকা ও দুই লাখ টাকার জন্য ২০ হাজার টাকা জমা নিত।

একই সঙ্গে তারা নির্দিষ্ট একটা তারিখ জানিয়ে দিত যে, ওই তারিখে তাদের ঋণ দেয়া হবে। নির্দিষ্ট সময় আসার আগেই তারা জমার সব টাকা নিয়ে পলায়ন করতো। এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

জেইউ/ এআর