নবাবগঞ্জ উপজেলার কৈলা ইউনিয়নের রায়পুরগ্রামে ডাকাতদের গুলিতে শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।

শনিবার দিবাগত রাত ১টার দিকে রায়পুরগ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।নিহত শহিদুল ওই গ্রামের বান্দুখার ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, "শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার কৈলায় ইউনিয়নের রায়পুরগ্রামের বান্দুখার বাড়িতে ১৫জনের একদল ডাকাত প্রবেশ করে।এসময় ডাকাতদের বাধা দিলে তারা বান্দুখার ছেলে শহিদুলকে লক্ষ্য করে গুলি করে।"

ডাকাতদের গুলিতে শহিদুল ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ডাকাতরা বান্দুখার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ইআর/ জেইউ