ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যা বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আমু বলেন, যে সব রাজনৈতিক অপশক্তি পেট্রল মেরে, বোমা মেরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে শান্তি বিনষ্ট করেছিল, সেসব অপশক্তি এখন ব্লগার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে।

কমিটির সভাপতি আমু আরও বলেন, ‘বৈঠকে ব্লগার ও শিশু হত্যা এবং মানবপাচারসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ব্লগার ও শিশু হত্যার বিষয়ে সরকার অত্যন্ত তৎপর রয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে আটক করা আসামিদের কাছ থেকে নানা তথ্য পাওয়া গেছে। এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

শিশু রাজন হত্যাকাণ্ডে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অভিযোগপত্র তৈরি আছে। যেকোনো সময় অভিযোগপত্র দিয়ে আসামিদের আইনের হাতে সোপর্দ করা হবে।

এ ছাড়াও খুলনায় রাকিব হত্যায় তিনজনকে ও বরগুনায় শিশু রবিউলকে হত্যায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান আমু।

মন্ত্রী অভিযোগ করে বলেন, এর আগেও নির্বাচনকে বানচাল করতে রাজনৈতিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছিল। এখন আবার সে ধরনের তৎপরতা শুরু হয়েছে। এ ছাড়া বৈঠকে মানবপাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

কেবি