ঘুষ গ্রহণের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা আশিকুর রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৭ এর বিচারক মুন্সি রফিউল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালত আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১০৪ এ আশিকুর রহমান অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় জনৈক শেখ মিজানুর রজমানের ২০১১-২০১২ করবর্ষের আয়কর নথি নিষ্পত্তি করে দেওয়ার জন্য ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।
এরপর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর আশিকুর রহমান অগ্রিম ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। পরে আরো ৫০ হাজার টাকা দাবি করলে শেখ মিজানুর রজমান বিষয়টি দুদককে অবহিত করেন।
পরে ওই বছর ২০ সেপ্টেম্বর অভিযোগকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাতে নাতে গ্রেপ্তার করা হয় আশিকুর রহমান। ওই সময় তার কাছে আরো ২৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। এরপরই দুদক মামলাটি দায়ের করেন।
মামলাটিতে ২০১৩ সালের ২৬ আগস্ট দুদকের সহকারী পরিচালক অজয় কুমার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন।
এমএনজে





