দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পাওয়ায় রাজধানীর পূর্ব রামপুরার অগ্নিশাখা গলিতে ঝুট ব্যবসায়ী সাগর আহমেদকে (৩৫) গুলি করেছে সন্ত্রাসীরা।
শনিবার দুপুরে ব্যবসায়ী সাগর আহমেদকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা। এঘটনায় সাগরের দুই হাতে গুরুতর কোপের আঘাত ও ডান পায়ের উরুতে এক রাউন্ড গুলি লাগে।
পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক।
এব্যাপারে ব্যবসায়ী সাগর আহমেদ জানান, সম্প্রতি তিনি পূর্ব রামপুরায় একটি ফ্ল্যাট কিনেন। এরপর থেকেই স্থানীয় সন্ত্রাসী শাহাদাত ও তার দলের লোকরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সন্ত্রাসী শাহাদাত গ্রুপের সহযোগী, মোল্লা সাগির, মুন্নাসহ ৬-৭ জন এই হামলায় অংশ নেয়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় পরে পায়ে গুলি চালায় তারা।
ঢাকা, জেইউ, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম,এসআর





