রাজধানীর আশুলিয়া থেকে ভূয়া র‌্যাব ও ডিবি পরিচয়ধারী তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটককৃতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

কামরুল হাসান টাইমনিউজবিডি.কম’কে বলেন, প্রতারক চক্র বিভিন্ন স্থানে র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ফায়দা নিয়ে থাকে। বিভিন্ন আবাসিক হোটেলে গেস্টদের কাছে কৌশলে মেয়ে পাঠিয়ে নগ্ন ছবি উঠায় এই চক্রটি। পরে তারা র‌্যাব ও ডিবি পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শনিবার দিবাগত রাত ৩ টার দিকে আশুলিয়া অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে নগ্ন ছবি ও আড়াই হাজার জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুপুর সোয়া ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানায় কামরুল হাসান।

ঢাকা, জেইউ, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম//এনএস