ঢাকার মিরপুর থেকে অপহরণের ৬ দিন পর গোলাম রাব্বী (২১)নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ পাবনার সাঁথিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার নইলান গড়ান বিল থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাব্বী রাজধানীর কল্যাণপুরের আনোয়ার হোসেনের ছেলে। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির (আইএসপি) বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সাঁথিয়া থানার ওসি শাহীদ মাহমুদ জানান, উপজেলার নইলান গড়ান বিলে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পাবনায় আসা ঢাকার মিরপুর মডেল থানার এসআই মাসুদ পারভেজ বলেন, সাঁথিয়া পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে খবর পেয়ে আমি ও রাব্বীর বাবা আনোয়ার হোসেন বুধবার ভোরে পাবনায় আসি। রাব্বীর বাবা আনোয়ার লাশ শনাক্ত করেন।

এসআই মাসুদ আরও জানান, ১৯ নভেম্বর রাব্বীকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় রাব্বীর বাবা আনোয়ার বাদী হয়ে ২০ নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মুক্তিপণের টাকা না পেয়ে রাব্বীকে অপহরণকারীরা হত্যা করে বলে এসআই জানান।

এএইচ