দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (১৭ নভেম্বর) রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কারাগার থেকে সম্রাটকে আদালতে হাজির করে পুলিশ।

এসময় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে দুদক।

অপরদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এমবি