বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেইসঙ্গে এই মামলা সংক্রান্ত রুল আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে রোববার এই আদেশ দেন। গত ১ ডিসেম্বর মওদুদ আহমদের করা এক আবেদনের শুনানি নিয়ে রুলসহ নাইকো মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন আদালত।

এর আগে গত ১৬ আগস্ট এই মামলা কার্যক্রম স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করলে আদালত সে আবেদন খারিজ করেন। পরে খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আবেদন করেন মওদুদ আহমদ।

বর্তমানে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসমির বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এমএনজে