নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার পরও ভিক্ষা করায় রফিকুল ইসলাম (৬০) নামের একজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, ৯১৩ জন ভিক্ষুকের নামের তালিকা প্রণয়ন করে তাদের পুনর্বাসন কর্মসূচির আওতায় নিয়ে এসে উপজেলা প্রশাসন গত বছর ৫ জুলাই ওই উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছিল।

এ অবস্থায় বুধবার দুপুরে কিশোরীগঞ্জ বাজারে ভিক্ষা করছিল উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৬০)।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে আটক করে ওই সাজা প্রদান করেন।

কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ভিক্ষুককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমকে