রাজধানীর কদমতলীতে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে মো. জালাল (৪৭) ও শামীম আহমেদ (২৭) নামে দুই ডাকাত আহত হয়েছেন। একইসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
সোমবার (২৯ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে কদমতলীতে ওয়াসার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে আহতরা হাসপাতালে অভিযোগ করে বলেন, আমাদেরকে সন্দেহজনক ভাবে পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য না পেয়ে রাতে ঘটনাস্থলে নিয়ে পুলিশ দু’জনের পায়ে গুলি করেন। তারপরে ডাকাত বানিয়ে গ্রেফতার করেন।
আজ (মঙ্গলবার) ভোরে বিষয়টি জানিয়েছেন কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
ওসি জানান, রাত আড়াইটার দিকে ওই এলাকায় ৭ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ডাকাত দলকে ধরতে ঘটনাস্থল ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পরে পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল’সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় দু’ডাকাতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। আহত দুই পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি





