রাজধানীর কারওয়ান বাজার থেকে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জড়িত জাহাঙ্গীর নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে র্যাব-২।
শনিবার বেলা ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় কিছু ব্লাংক চেক। দুপুরে আটক হলেও সংবাদ মাধ্যমকে জানানো হয় রাতে।
আটক জাহাঙ্গীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রোটেক্টিভ ইউনিটে কর্মরত।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ হোসেন।
তিনি জানান, মান্নান নামের এক ব্যবসায়ীকে গত সোমবার কারওরান বাজার প্রাইম ব্যাংকের সামনে থেকে অপহরণ করেন পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ওই ব্যবসায়ীর বাসায় গিয়ে বেশ কিছু চেক নেন। ওই চেকের একটির মাধ্যমে ব্র্যাক ব্যাংক থেকে দেড় লাখ টাকাও তোলেন। পরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, কিছুদিন আগে লন্ডন প্রবাসী সুইটি নামে এক নারীর কাছ থেকে ব্যবসায়ী মান্নান ৬৫ লাখ টাকা টাকা নেন। কিন্তু সে টাকা ফেরত না দেওয়ায় সুইটি নানা মাধ্যমে চেষ্টা করে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীরের সঙ্গে পরিচিত হন। পরে জাহাঙ্গীর সুইটিকে টাকা তুলে দেওয়ার আশ্বাস দেন। ওই টাকা তুলে দিতে মান্নানকে অপহরণ করা হয়।
র্যাব কর্মকর্তা মারুফ হোসেন আরও জানান, এ ঘটনায় আরো দুই পুলিশ কর্মকর্তা জড়িত রয়েছেন। এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।
এএইচ





