এসএসসি পরীক্ষার্থীদের ওপর নাশকতার চেষ্টা করা হলে সর্বশক্তি দিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রাজধানীর মতিঝিল বক চত্বরে রবিবার দুপুরে এন্টি-ভায়োলেন্স ক্যাম্পেইন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রাজধানীর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যে রাস্তা ব্যবহার করবে সে রাস্তাগুলোয় প্যাট্রল টিম টহল দেবে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা থাকবে। র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নাশকতাকারীদের প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকবে।’
এ সময় শিশুদের হরতালের আওতার বাইরে রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বাহিনী ক্রস প্যাট্রলিং করবে। যদি অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে যেতে ভয় পান তাহলে কয়েকজনকে একসঙ্গে একটি গ্রুপ করে বিশেষ নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে।’
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশকে নাশকতাকারীদের তথ্য দিয়ে সহায়তা করুন। জনসাধারণের জানমাল ও নিরাপত্তা রক্ষার স্বার্থে সহায়তা করুন। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।’
এএইচ





