মাগুরার শ্রীপুর উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালের এ ঘটনায় স্থানীয় একটি স্কুলের বিদ্যালয়ের ১০ শ্রেণির ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই তরুণীর পরিবার অভিযুক্ত নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্কুল ছাত্রীর বাবা-মা জানান, সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে প্রতিবেশি আকবর মোল্লার ছেলে নাসির (২৭) তাদের মেয়েকে তুলে নিয়ে একটি ঘরে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে তারা অভিযুক্ত নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুক্তাদির রহমান জানান, ধর্ষণের শিকার মেয়েটির গুরুতর জখম হয়েছে। তার চিকিৎসা চলছে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মামুন হোসেন বিশ্বাস বলেন, পুলিশের কাছে নাসির অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শ্রীপুর থানায় মামলা করেছেন।
এমএ





