হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাংয়ের কৌটার ভেতর করে আনা থেকে দেড় কেজি সোনা জব্দসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত ব্যক্তি হলেন- ফেনী ছাগলনাইয়ার আব্দুল মান্নান।
বুধবার রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ২নম্বর ক্যানপি থেকে তাকে আটক করে এপিবিএনের সদস্যরা।
এপিবিএনের এএসপি তানজিনা আকতার জানান, দুবাই থেকে ইকে৫৮৪ নম্বর ফ্লাইটে এসে রাত ৭টা ৫৫মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামেন মান্নান।
বিমানবন্দর থেকে যাওয়ার সময় ২নম্বর ক্যানপি এলাকায় সন্দেহজনকভাবে তার মালামাল ও দেহ তল্লাসি চালায় এপিবিএনের সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা এক কেজি ট্যাংয়ের পট থেকে দেড় কেজি সোনা জব্দ করা হয়।
এছাড়াও ৯২ কার্টন আমদানি নিষিদ্ধ অবৈধ সিগারেট জব্দ করে এপিবিএনের সদস্যরা। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তানজিনা।
এমকে





