রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রসুলপুরের দনিয়ার একটি বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। ২৭ জুন সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রুবেল হোসেন (২৪),সামসুল আলম (৪০) ও ইয়াসমিন বেগম (৪০)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই প্রদীপ কুমারের নেতৃত্বে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল তাদেরকে আটক করে।

এ সময় তাদের বাসায় তল্লাশি করে ১১ ভরি স্বর্ণালংকার, ২২টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ, ২টি ডিজিটাল ক্যামেরা, ২টি ডিভিডি প্লেয়ার এবং বিপুল পরিমান ইমিটেশনের জুয়েলারি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৪ (চার) লাখ টাকা।

এসআই প্রদীপ কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা দেশের বিভিন্ন জেলায় চুরি করে থাকে। চোরাইকৃত মালামাল তাদের বাসায় মজুদ রাখে। তারা চোরাইকৃত মালামাল বিভিন্ন ব্যক্তির নিকট এবং চোরাই বাজারে বিক্রি করে। আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, জেইউ, ২৮ জুন(টাইমনিউজবিডি.কম)// এসএইচ