রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক দু’টি নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর বুধবার (০৬ জানুয়ারি) সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত।
গত বছরের শুরুতে বিএনপির আন্দোলনের সময় আত্মগোপনে চলে যান তিনি। এরপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
আত্মগোপনে থেকেই গত এপ্রিলে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করে মির্জা আব্বাস। তবে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা পরপরই বিএনপি ওই নির্বাচন বর্জন করে। এতে পরাজিত হন আব্বাস।
এমকে





