গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানীর জন্য ২০ জানুয়ারি ধার্য্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া রবিবার এ অভিযোগ গঠনের দিন ধার্য্য করেন।

এ সময় আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদসহ ১০ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন।

এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অভিযোগ গঠন পেছানোর জন্য আসামীদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী একই বছরের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এএইচ