মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে আইনি যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। মঙ্গলবারের মধ্যে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আজহারের আইনজীবী আব্দুস সুবহান তরফদার।

তিনি আজহারের বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের মধ্যে ৪টির বিষয়ে অভিযোগভিত্তিক যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন পরে আসামিপক্ষকে মঙ্গলবারের মধ্যে বাকি দু’টি অভিযোগভিত্তিক ও আইনি পয়েন্টে যুক্তিতর্ক শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শেষ হবে। পরে আইন অনুসারে রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।

গত ১৮ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৬ কার্যদিবসে আজহারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, ব্যারিস্টার তুরিন আফরোজ ও তাপস কান্তি বল।

উল্লেখ্য,২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল-১ এর আদেশে এটিএম আজহারুল ইসলামকে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়।এর পর হতে তিনি কারাগারে আছেন।

ঢাকা, কেএ, ৮ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এসএইচ