রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গৃহকর্মী লাইলি বেগম (২৫) হত্যা মামলায় বাড়ির মালিক মুন্সী মঈনউদ্দিন ও দারোয়ান তোফাজ্জল হোসেন টিটুর ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, খিলগাঁও থানার পুলিশ আজ আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া গ্রেফতার গৃহকর্ত্রী শাহনাজকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নথি থেকে জানা যায়, গতকাল শুক্রবার রাতে লাইলির স্বামী নজরুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে গৃহকর্ত্রী শাহনাজসহ ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শনিবার ভোরে বনশ্রীর ৪ নম্বর রোডের নিজ বাড়ি থেকে গৃহকর্ত্রী শাহনাজকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার বিক্ষোভ চলাকালে বাকি দুজনকে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে মঈনউদ্দিনের বাসায় কাজ করতে গেলে তাঁর ঘর থেকে লাইলি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এই মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে বনশ্রীর বাসিন্দারা ওই বাড়িতে হামলা চালায়, ইটপাটকেল ছোড়ে এবং একটি গাড়িতে আগুন দেয়।

এমবি