নাটোরের বড়াইগ্রামে আবুল হাসেম (২৫) নামে একজনকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই ঘটনায় নিহতের ২ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলার রামেশ্বরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইদ্রিস আলী ও চণ্ডিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জুয়েল।

সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানাগেছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম জানান, আবুল হাসেম তার বন্ধু ইদ্রিসকে ঢাকার বাসে তুলে দেওয়ার জন্য অপর বন্ধু জুয়েলকে নিয়ে রবিবার রাতে মোটরসাইকেলে বনপাড়া-হাটিকুমরুল রোডের দিকে রওনা দেন।

পথে চণ্ডিপুর-খ্রিস্টানপাড়া এলাকায় রাত আনুমানিক সাড়ে ১১টায় ইদ্রিস ও জুয়েল চিৎকার করতে থাকেন। স্থানীয়রা ছুটে আসলে তারা জানান, ছিনতাইকারীরা তাদের হাত-পা বেঁধে আবুল হাসেমকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে চলে গেছে।

পরে তারা কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে মুক্ত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।

সোমবার সকালে নিহতের মামা জালাল উদ্দিন ৮-১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইদ্রিস ও জুয়েলকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হত্যার সঙ্গে তার দুই বন্ধুই জড়িত থাকতে পারে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর