এক বাবুর্চিকে হত্যার দায়ে পাঁচ শুটকি ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের দুই ছেলে জয়দেব বিশ্বাস ও মহাদেব বিশ্বাস, ভোলা নাথ বিশ্বাসের ছেলে রমেন্দ্র নাথ রায়, গৌরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস এবং বাগেরহাটের রামপাল উপজেলার সামছুর রহমানের ছেলে শেখ সিরাজুল ইসলাম।
একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমের উত্তরাধিকারীদের প্রদানেরও নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  
জানা গেছে, ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি দুবলার আলোর কোলে জয়দেবের মাছের ডিপোর বাবুর্চি শ্বেত সরদারকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে আটক করেন অভিযুক্তরা। পরে সরদার কামাল উদ্দিনের মাছের ডিপোতে এনে শ্বেত সরদার ও লিটন সরদারকে মারপিট করেন। এতে শ্বেত সরদার ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় নিহতের ছেলে প্রিন্স সরদার বাদী হয়ে বাগেরহাটের শরণখোলা থানায় ওই বছরের ১ মার্চ হত্যা মামলা দায়ের করেন। এতে আলোর কোলের মৎস্য সমিতির প্রভাবশালী নেতা কামাল উদ্দিনসহ ছয় জনকে অভিযুক্ত করা হয়। পরে শরণখোলা থানার এসআই মোহাম্মদ শাহজাহান মিয়া ওই বছর ৬ জুন দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এই রায় দেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]