রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস থেকে ২০ জন দালালকে আটক করেছে র্যা ব। ভ্রাম্যমান আদালত প্রত্যেকের ৪ হাজার টাকা জরিমানা ও ১৯ জনের ৩ মাসের এবং একজনের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
র্যাব-২ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ রানা এ খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল থেকে অফিসের আশে পাশে তল্লাশি চালিয়ে এদের আটক করা হয়।
অধিনায়ক মাসুদ রানা বলেন, ‘দীর্ঘদিন থেকেই এদের দিকে নজর রেখেছে র্যাব। এরা অফিসের আশেপাশে থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নানান রকম প্রলোভন দেখায়। এমনকি ব্যাংক রশিদ জমা দেয়া থেকে শুরু করে পাসপোর্ট হয়ে যাওয়া পর্যন্ত সব কাজ করে দিবে বলে নিশ্চয়তা দেয়। এতে পাসপোর্ট প্রার্থীর কোথাও লাইনে দাঁড়াতে হয় না। তাই অনেকেই এরকম অতিরিক্ত টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন।’
এই দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদেরও যোগসাজোশ থাকতে পারে বলে মনে করছেন তিনি। তবে সবার বিষয়েই তদন্ত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা পুরো চক্রটিকেই চিহ্নিত করার চেষ্টা করছি।’
ইআর





