মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। পাঁচটি অভিযোগের ভিত্তিতে বিচার করা হয়েছে এই আসামি রিয়াজ উদ্দিনের। ২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
আগে এই মামলায় তিনজন আসামি থাকলেও আমজাদ আলী গ্রেফতারের পর মারা যান।
অন্যদিকে অভিযোগ গঠনের আগে পলাতক আসামি ওয়াজ উদ্দিন মারা যান। এমন পরিপ্রেক্ষিতে এই দুই আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি এই মামলায়।
বিচারিকপ্রক্রিয়া শেষে গত ২১ মার্চ এ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউটর ছিলেন ঋষিকেশ সাহা।
আসামিপক্ষে ছিলেন সৈয়দ মিজানুর রহমান ও মুজাহিদুল ইসলাম শাহিন।





