‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যের ফের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের সাদেক আলী মিঠু, বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিক।

বৃহস্পতিবার তাদের সাত দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ আগস্ট আসামিদের সাতদিন রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, বইমেলা থেকে বেরিয়ে টিএসসি মোড়ে আসার পথে গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ব্লগার অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। অভিজিৎও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

কেএইচ