১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে র্যাবের সদর দফতরের আইন কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর তেজগাঁও থানায় দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দীক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার মামলাটি কমিশনের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
মামলায় আসামিরা হলেন- র্যাবের সদর দফতরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোতোয়ালি সার্কেলের প্রাক্তন ভূমি সহকারী কমিশনার) মোহাম্মদ আনিসুর রহমান, ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও কোতোয়ালি সার্কেলের প্রাক্তন সার্ভেয়ার সমর চন্দ্র সূত্রধর, প্রাক্তন ভূমি সহকারী কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মো. হুমায়ুন মোল্লা, ঢাকা জেলার ওয়ারী থানার কাপ্তান বাজারের মোহাম্মদ আলী হোসেন, মো. মহিউদ্দীন ও জিনাত আরা পারভীন।
দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে আট শতাংশ অর্পিত সম্পত্তি ব্যক্তির নামে নামজারি করে মোট ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগটি দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এমকে





