নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসতি উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক তপন চন্দ্র ভৌমিককে (৪২) কুপিয়ে হত্যা করেছে এক স্থানীয় সন্ত্রাসী। এসময় স্থানীয় লোকজন হত্যাকারী আবু সায়েদ হুইক্যা ওরফে হুইক্যা চোরা (২৫) নামের ওই সন্ত্রাসীকে আটকের পর গণপিটুনি দিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার দুপুর একটার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে অবস্থিত প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত তপন চন্দ্র ভৌমিক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি গ্রামের কুমুদ চন্দ্র দেবনাথের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে এলাকার বখাটে আবু সায়েদ হুক্কু ওরপে হুক্কা চোরা তার কয়েকজন সহযোগীসহ বসতি উন্নয়ন সংস্থার অফিসের ভিতরে ডুকে প্রকল্প পরিচালক তপনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এসময় তপনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সন্ত্রাসী হুক্কাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তপন চন্দ্র ভৌমিককে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি দেখা দিলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

বসতি উন্নয়ন সংস্থার পরিচালক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, নিহত তপন আমার বাল্যকালের বন্ধু। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করে আসছিল। কয়েক মাস আগের একটি চুরির ঘটনায় বখাটে হুক্কা চোরাকে আমরা জরিমানা করি। ধারণা করা হচ্ছে বখাটে হুক্কা চোরা ওই ঘটনার জের ধরে তপন চন্দ্র ভৌমিকের কাছে টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় সে হত্যার ঘটনা ঘটায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক আবু সায়েদ হুক্কু ওরফে হুক্কা চোরাকে আটক করা হয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর