ফেনী জেলার সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আরো দুজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন হাফেজ আবদুল কাদের ও মো. শরীফুল ইসলাম ওরফে শরীফ (২০)।

সর্বশেষ গ্রেফতার হওয়া দুইজন সহ নুসরাত হত্যা মামলা এজহারভুক্ত ৮ আসামি নিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি হাফেজ আবদুল কাদেরকে ঢাকার মিরপুর থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

আবদুল কাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

৫ এপ্রিল আবদুল কাদেরের কক্ষে বসে হত্যাকারীরা নুসরাত হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডের দিন, অর্থাৎ ৬ এপ্রিল কাদেরের দায়িত্ব ছিল অন্যদের সঙ্গে মাদ্রাসার গেট পাহারা দেওয়া।

এ বিষয়গুলো গত রোববার মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও শাহাদত হোসেন ওরফে শামীমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা গেছে।

এছাড়া গতকাল বুধবার কামরাঙ্গীরচর এলাকা থেকে শরীফকে গ্রেফ্তার করা হয়েছে। শরীফুল ইসলাম নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় নুর উদ্দিনের সঙ্গে মাদ্রাসার গেটে পাহারায় ছিল বলে কয়েকজন আসামি জানিয়েছে। শরীফও একই মাদ্রাসার ছাত্র।

জেড