মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ রাতেই কার্যকর হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ (শুক্রবার) রাত ১২টা ১মিনিট অথবা ভোর রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।

র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, আদালতের রায় কার্যকরের দায়িত্ব কারা কর্তৃপক্ষের। তারা যেকোনো সময় তা করতে পারে। সে ক্ষেত্রে র‍্যাব সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।

অপরদিকে লালবাগ এলাকার ডিসি বলেন, আমরা কারাগারের জন্য রাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি।

এদিকে পুলিশ সদর দফতরের বিশেষ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমদ সহকারী উপ-কমিশনার ফয়েজ উদ্দিনকে নিয়ে রাত ৮টা ১০ মিনিটে কারাগারে প্রবেশ করেন।

ডিসি মোহাম্মদ মফিজ উদ্দীন আহমেদ বলেন, আমরা কারাগারের জন্য রাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি।

রাত সোয়া ৮টার দিকে একটি একটি অ্যাম্বুলেন্স কারাগারে ভেতরে ঢোকে। এ সময় শামিয়ানাসহ ফাঁসি কার্যকরের জন্য প্রয়োজনীয় উপকরণ কারাগারের ভেতর নেওয়া হয়।

কারা চিকিৎসক আহসান হাবীব রাত সাড়ে ৮টার দিকে কারাগারে প্রবেশ করেন। এর কাছাকাছি সময়ে কারাগারে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি হিসেবে উপ-কমিমনার শামীম আফরোজ কারাগারে যান।

এদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠান শেষে রাত পৌনে ৯টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কামারুজ্জামানকে আর সময় দেওয়া হচ্ছে না।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন আজ (শুক্রবার) রাতেই ফাঁসি হচ্ছে কিনা? স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে বলেন, নিয়ম অনুসারে প্রক্রিয়া চলছে।

এসএইচ