গাড়ি পোড়ানোর মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
রোববার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. আসশামস জগলুল হোসেন অভিযোগ গঠনের শুনানির এ সময় নির্ধারণ করেন।
চট্টগ্রামের জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, আসামীপক্ষ ফৌজদারি কার্যবিধির ২৪১ ধারায় মামলা থেকে অব্যাহতির আবেদন জমা দিয়েছিল। ওই আবেদনের উপর শুনানি এবং অভিযোগ গঠনের শুনানিতে বক্তব্য উপস্থাপনের জন্য তারা আবারও সময় চেয়েছেন। এছাড়া রাষ্ট্রপক্ষে অভিযোগপত্রের উপর একটি নারাজি পিটিশন ছিল। ওই পিটিশনের উপর শুনানির জন্যও আসামীপক্ষ সময় চেয়েছে।
বিচারক আসামীপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছেন বলে জেলা পিপি জানান।
জানা গেছে, ঢাকার পল্টনে বেগম খালেদা জিয়াকে জনসভার অনুমতি না দেয়ার প্রতিবাদে এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের গুজব তুলে ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বাঁশবাড়িয়া এবং সলিমপুর এলাকায় পৃথক দু’টি স্পটে গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এসময় বাঁশবাড়িয়া থেকে ৩ জনকে এবং সলিমপুর থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পৃথক দু’টি ঘটনায় সীতাকুন্ড থানার এসআই গোলাম ফারুক ভূঁইয়া বাদি হয়ে ওইদিনই পৃথক দু’টি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দু’জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তারা গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছিল।
মামলা দু’টি তদন্ত শেষে পুলিশ দু’টি মামলাতেই সাকা চৌধুরীকে প্রধান আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে বাঁশবাড়িয়ার ঘটনার মামলায় ১১ জন এবং সলিমপুরের মামলায় ৭ জনকে আসামী করা হয়।
এর আগে গত ১৫ জুন অভিযোগ গঠনের শুনানির জন্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু আসামীপক্ষ সময়ের আবেদন করায় ওইসময়ও শুনানি পিছিয়ে দেয়া হয়। এবার সাকা চৌধুরীকে হাজির করা হয়নি।
ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই





