আলোচিত ডাক্তার শামারুফ মাহজাবিন (সুমি) হত্যা মামলায় আসামি তার স্বামী আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান শাদাবের জামিন স্থগিত করেছন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বাধন কুমার বণিক। অপরদিকে আসামি পক্ষে ছিলেন মুনসুরুল হক চৌধুরী।

এর আগে গত ২ মার্চ ডাক্তার শামারুফ মাহজাবিন (সুমি) হত্যা মামলার আসামি হুমায়ুন সুলতান শাদাব হাইকোর্ট থেকে জামিন নেন। এরপর ৪ মার্চ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে একটি আবেদন করেন সরকারপক্ষ।

শুনানি শেষে চেম্বার বিচারপতি কোনো আদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আজ শুনানী শেষে আপিল বিভাগ শাদাবকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

রাষষ্ট্র্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল স্বাধন কুমার বণিক সাংবাদিকদের বলেন, এ মামলার এক নম্বর আসামি মাহজাবিনের শশুর আওয়ামীলীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও দুই নম্বর আসামি টিপু ‍সুলতানের স্ত্রী এ মামলায় জামিনে আছেন।

এমকে