দিনাজপুর সদর উপজেলার রাম সাগর হঠাৎপাড়া এবং গোবিন্দপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও হিসেব রয়েছে মাত্র ১৫টির এমন অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল হক এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চালক আব্দুর রাজ্জাক।

রাম সাগর হঠাৎপাড়া এলাকায় পৃথক দু’টি অভিযানে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জড়িতদের পলাতক দেখিয়ে দিনাজপুর কোতয়ালি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাম সাগর হঠাৎপাড়া এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে গোবিন্দপুর মডেল স্কুলের পাশের এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যাক্ত বস্তার ভেতর থেকে আরও ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে ‍তারা এবং আশঙ্করপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মাদক ব্যবসায়ী তাজুর কাছে ২শ’ বোতল ফেনসিডিল বিক্রি করে।

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দু’টি মামলা দায়ের করেছে। এর মধ্যে একটি অভিযানে ৯ বোতল ও আরেকটিতে ৬ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয় উল্লেখ রয়েছে। উভয় মামলায় আসামিদের পলাতক দেখানো হয়েছে।

আরও ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য থানায় এসেছে, তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মামলায় বিষয়টি উল্লেখ করেনি, জানান তিনি।

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে (০১৭১১৪৪৪৩৮৮) একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেনি।

এএইচ