প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগীয় দীর্ঘসূত্রতা ও মামলার জট জনগণের বিচার লাভের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। এজন্য মামলার জট দূর করতে বিচারকদের দক্ষতার পরিচয় দিতে হবে।

আজ রোববার সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৬-এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমাদের বিচারিক আদালতে প্রায় ২৭ লাখ মামলা বিচারাধীন রয়েছে। অনিষ্পন্ন মামলার বোঝা বিচারব্যবস্থাকে গতিহীন করে তুলেছে। এতে মামলার ব্যয় বেড়েছে। এ কারণে মানুষ যেকোনো বিরোধের নিষ্পত্তির জন্য আদালতে আসতে নিরুৎসাহিত হচ্ছে। ফলে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা শিথিল হচ্ছে। সমাজে অসহিষ্ণু ও সংঘাতের সৃষ্টি হচ্ছে।’

অধিবেশনে উপস্থিত জেলা জজদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, জেলা জজরা নির্দিষ্ট সময়ে আদালতে উপস্থিত হবেন এবং নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার প্রতি সচেতন থাকবেন। কোনো সীমাবদ্ধতা সুবিচার না দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য হবে না।’

আইনজীবদের উদ্দেশ্যে সুরেন্দ্র কুমার বলেন, আইনজীবীরা বিচারব্যবস্থা অপরিহার্য অঙ্গ। একজন আইনজীবী কোর্টের অফিসার, তাঁর প্রাথমিক দায়িত্বই সুবিচার নিশ্চিত করতে আদালতকে সহায়তা করা হবে। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা হোসনে আরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিচারক আবদুল ওয়াহাব মিয়া, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম।

এআই