একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের রায় পড়া চলছে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ৩৩০ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।
সোমবার এই মামলার রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেন।
এর আগে গত ১১ এপ্রিল এই মামলায় কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী মো. শামসুদ্দিন আহমেদ ও তার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদসহ পাঁচ আসামির বিষয়ে যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্র এবং আসামিপক্ষ।
এরপরে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে সিএভি (অপেক্ষামান) ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
মামলায় পাঁচ আসামির অন্য তিনজন হলেন গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম। তবে তারা সবাই পলাতক।
অবশ্য অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও তার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ গ্রেফতারের পর কারাগারে রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
এমবি





