বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, রাজধানীতে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় জামায়াত জড়িত বলে স্বীকার করেছে আটক ব্যক্তি।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এর আগে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।
আহতাবস্থায় স্থানীয়দের সহায়তায় অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার তালপাড়া গ্রামে। তার বাবার নাম সাত্তার মোল্লা। দেড় বছর ধরে দারুসসালাম থানায় কর্মরত ছিলেন ইব্রাহিম।
তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে দারুসসালামের ৪৮/৩ বর্ধবাড়ি এলাকার একটি বাসার পাঁচতলায় থাকতেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএইচ





